সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতিতে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম অন্যতম প্রধান আসামি। তার ব্যক্তিগত গাড়িচালকের করা ওই মামলায় সোমবার তাকে হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ‘নৈতিক স্খলনের’ দায়ে গত বুধবার (২২ জুলাই) জামায়াতে ইসলামী তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
পুলিশ জানিয়েছে, এ মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। বর্তমানে গাজী নজরুল ইসলামকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।