![]()
সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, চোরাচালান, সীমান্তে অবৈধ ঘাট ও ঘাট মালিকদের তথ্য, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানি, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন হয়রানিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। এ সময়ে পুলিশ দৃশ্যমান হবে এবং মানুষকে আশ্বস্ত করবে।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।”
তিনি আরও বলেন, “অনলাইন জুয়ার বিষয়ে পুলিশ আরও সক্রিয় হবে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”সভায় সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।