বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনালেন (DIG) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, গাছের পরিচর্যা ও সংরক্ষণ করা হলে পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখা সম্ভব। বৃক্ষের উপকারিতা নতুন করে বলার কিছু নেই। তোমরা মেয়েরা সবুজ, গাছও সবুজ—এই দুই সবুজের সমন্বয়ে মেহেরপুরকে সবুজের নগরীতে পরিণত করতে হবে। সোমবার দুপুরে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। আজ তোমাদের হাতে যে গাছের চারা তুলে দেওয়া হচ্ছে, সেগুলোর প্রতি যত্ন নিতে হবে। যেমন নিজের ছোট ভাই-বোনদের যত্ন নেওয়া হয়, তেমনি চারাগুলোরও যত্ন নিতে হবে। তবেই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।
![]()
তিনি আরও বলেন, একটি গাছ শুধু ছায়া দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জলবায়ু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের প্রত্যেককে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা গাছের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণসহ নিজেদের আশপাশের পরিবেশ সবুজ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।