মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: পিবিআই কর্মকর্তাকে খুলনা রেঞ্জ ডিআইজির সম্মাননা

দ্বারা zime
০ মন্তব্য 30 দর্শন

খুলনা অঞ্চলে আলোচিত মস্তকবিহীন এক অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় শনাক্তসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য সফলভাবে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন নিখোঁজ থাকা সালেহা বেগমের পরিচয় নিশ্চিত করে এই জটিল মামলার রহস্য উন্মোচন করেন পিবিআই, খুলনার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রেজোয়ান।

আজ ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম সভায় তার এই অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম নিজ হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় পিবিআই খুলনা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

তদন্ত সূত্রে জানা যায়, সালেহা বেগম নিখোঁজ হওয়ার পর তার পরিবার সন্দেহের ভিত্তিতে একটি অপহরণ মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। তদন্তের এক পর্যায়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ, নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেইস এবং বেওয়ারিশ লাশের রেকর্ড পর্যালোচনার মাধ্যমে বটিয়াঘাটা থানায় দাফনকৃত একটি অজ্ঞাত লাশের সঙ্গে সালেহা বেগমের পরিচয়ের মিল পাওয়া যায়।

পরবর্তীতে মামলার প্রধান আসামি লালন গাজীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে সহযোগী সিজার মোল্লাকেও গ্রেফতার করা হয়। আদালতে উভয় আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে তদন্ত পরিচালনার মাধ্যমে একটি জটিল ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করায় সংশ্লিষ্ট কর্মকর্তার এই সাফল্য সর্বমহলে প্রশংসিত হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন