
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুল হক, ইসলামী ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান এবং সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়ক ডা. জয়ন্ত কুমার সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
