অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকের পার্টি: কার কী পরিচয় দেখা হবে না- স্বরাষ্ট্র মন্ত্রী

দ্বারা zime
০ মন্তব্য 8 দর্শন

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানে ৮৪ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখবো না।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবস্থা তো নেওয়া হয়েছে, ওনাকে সংযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং চালু হবে।আমরা আইনানুগ সকল প্রক্রিয়া অবলম্বন করব। এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখব না।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। ভাটারার ওই বাড়িতে অভিযান ও ৮৪ জনকে আটকের ঘটনার পর তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল খিলক্ষেত হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।
অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় মোট ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটেরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন বলে জানান তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন