
সাংবাদিক ও পুলিশ ভিন্ন পেশায় থাকলেও সমাজের শান্তি, নিরাপত্তা ও মানুষের কল্যাণে উভয়ের কাজের লক্ষ্য অভিন্ন বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেলারেল (DIG) মো: মোস্তাফিজুর রহমান।
সোমবার মেহেরপুর পুলিশ সুপার মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। মাদকের সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকলেও তাঁকে আইনের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে। মেহেরপুর থেকে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতে পারলে সারা দেশেই এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার কথা উল্লেখ করে পুলিশের যানবাহন ও জনবলসংকট দূর করার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জেলার অপরাধ নিরসনে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, চুরি ও সড়ক নিরাপত্তাসহ নানা সমস্যা ও অসঙ্গতি তুলে ধরে তা সমাধানের দাবি জানান।
অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন এবং গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলাসহ জেলায় কর্মরত সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
