
(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর, ভাঙ্গা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা কোনোভাবেই সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাঙ্গা পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ জনপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশের সদস্যদের সঙ্গে আলোচনা, তাদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি ভাঙ্গায় এসেছেন। আগামী দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, ফরিদপুরের কোটালী থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েক জন আসামিকে শনাক্ত করা হয়েছে এবং কয়েক জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন,
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
