
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে আজ ২৬/০৯/২০২৬ তারিখে সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাটিয়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসক, সাতক্ষীরা মিজ কাউসার আজিজ উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।অভিযানে সাতক্ষীরা পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
অভিযানের অংশ হিসেবে সড়ক, ড্রেন, নালা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয় এবং নিয়মিতভাবে নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ কার্যক্রমকে সফল করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রত্যয়কে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
