
শেখ আরিফুল ইসলাম আশা :সাতক্ষীরা কালীগঞ্জের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ।আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে সাতক্ষীরার দেবহাটার সুবর্নবাদ এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতের নাম আল মামুন (২২)। সে কালীগঞ্জের নলতা কাশিবাটি এলাকার আব্দুল লতিফের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের নির্দেশে শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এএসআই মোঃ বোরহান উদ্দিন ও এএসআই মোঃ মাফুজুর রহমান সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে উক্ত আসামীকে কালিগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই সাতক্ষীরার কালীগঞ্জের পল্লিতে সোনার কানের দুলের লোভে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ফারজানা সুলতানাকে (৮) শ্বাসরোধে হত্যা করাহয়। পরে এ হত্যাকাণ্ডে অভিযুক্ত নারী সুমাইয়া আক্তারকে (২৬) স্থানীয় বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে। এঘটনায় জড়িত অপর প্রধান পলাতক আসামি আল মামুনকে আটক করেছে ডিবি পুলিশ।—–
