পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

দ্বারা zime
০ মন্তব্য 15 দর্শন

বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় রক্ষাসহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

তিনি আজ (শুক্রবার) বিকালে যশোর টাউন হল মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার দেশব্যাপী প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন যা আমরা গাছ থেকে পাই, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি পরিত্যাক্ত ও খালি জায়গায় গাছ লাগাতে হবে। সকল মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে এবং একটি গাছ কাটলে কমপক্ষে দুইটি গাছ লাগাতে হবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নিজ নিজ বসতবাড়ির চারপাশ সবুজায়ন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশোক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ স্টল প্রতিনিধিদের মাঝে ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে তিনি যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতালে রোগীদের জন্য ফ্যান, হুইল চেয়ার, ট্রলি, পল্লী উদ্যোক্তা ঋণ, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী, আর্থিক অনুদানের চেক ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে এবং যশোর ইনস্টিটিউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন