
ক্যান্সার মানেই পরাজয় নয়- সচেতনতা, সময়মতো শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসাই হোক জীবনযুদ্ধের জয়ের শক্তি।
বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া এলাকায় “আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার”- এর উদ্যোগে ‘ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সার্ভিসেস’- এর শুভ উদ্বোধন দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আ. বাতেন, পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাসসহ জেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা পুলিশের সদস্যদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় জেলা পুলিশের প্রত্যেক সদস্যের প্রাথমিক স্বাস্থ্য স্ক্রিনিং এবং ব্যক্তিগত স্বাস্থ্য প্রোফাইল প্রস্তুতের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
এ উদ্যোগ ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, স্বাস্থ্যঝুঁকি নিরূপণ এবং পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
